পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সৌদি আরবের জেদ্দায় একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এই স্টেডিয়ামটি ভবিষ্যতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ আয়োজনের জন্য ব্যবহৃত হতে পারে।
জেদ্দায় অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার লক্ষ্যে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন (এসএসিএফ)-এর সঙ্গে কাজ করার জন্য পিসিবি একটি ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) অনুমোদন করেছে। লাহোরে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে পাকিস্তানের বাইরে ক্রিকেটের প্রসার নিয়েও আলোচনা হয়।
এই উদ্যোগটি হঠাৎ করে নেওয়া হয়নি। ২০২৪ সালের ডিসেম্বরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সৌদি আরব সফর করেন এবং প্রিন্স সৌদ বিন মিশাল আল-সাউদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকেই সৌদি আরবে ক্রিকেট অবকাঠামো উন্নয়ন ও খেলাটির প্রসারে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
বর্তমানে সৌদি আরবে বিপুল সংখ্যক ভারত ও পাকিস্তানি প্রবাসী বসবাস করেন, যাদের মাধ্যমে সেখানে ক্রিকেট ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। ২০২০ সালে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন গঠনের পর দেশটিতে ক্রিকেট কার্যক্রম আরও সংগঠিতভাবে পরিচালিত হচ্ছে।
সৌদি আরব ইতোমধ্যে ২০০৩ সালে আইসিসির সদস্যপদ লাভ করে এবং ২০১৬ সালে সহযোগী সদস্য হিসেবে স্বীকৃতি পায়। ২০২৪ সালে জেদ্দায় আইপিএল নিলাম আয়োজনের মাধ্যমে দেশটি আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তাদের আগ্রহ ও সক্ষমতা আরও একবার প্রমাণ করে।