বলিউড সুপারস্টার সালমান খান এবার অভিনয়ের বাইরেও সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখলেন। মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় ৫০টির বেশি পরিবারের হাতে নতুন স্থায়ী বাড়ির চাবি তুলে দেন তিনি। একই সঙ্গে উদ্বোধন করেন মুম্বাই বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষ (এসআরএ)-এর নতুন ডেটা সংগ্রহ ও আইটি অবকাঠামো।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় শুভেচ্ছা সফরে এসআরএর কার্যালয়ে যান সালমান খান। সেখানে তিনি সংস্থাটির নতুন ডেটা সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্র এবং আধুনিক আইটি সার্ভার রুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এসআরএর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহেন্দ্র কল্যাণকর-এর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে পুনর্বাসন প্রকল্পের ৫০টির বেশি সুবিধাভোগীর হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন এই অভিনেতা। দীর্ঘদিনের অপেক্ষার পর নিজস্ব স্থায়ী আবাসনের চাবি পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা।
অনুষ্ঠানে এসআরএর প্রকাশিত নতুন কফি টেবিল বুক-এরও মোড়ক উন্মোচন করেন সালমান। বইটিতে সংস্থার পুনর্বাসন কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, সফলতার গল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
এসআরএ জানিয়েছে, নতুন আইটি সার্ভার রুম চালুর মাধ্যমে সংস্থার ডিজিটাল সেবা আরও নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর হবে। পাশাপাশি ই-গভর্ন্যান্স কার্যক্রমের গতি বাড়বে এবং নাগরিকদের সেবা আরও সহজ ও দ্রুত নিশ্চিত করা সম্ভব হবে।
সফরকালে সালমান খানকে সংস্থাটির চলমান পুনর্বাসন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। তিনি এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। আয়োজকদের বিশ্বাস, জনপ্রিয় এই অভিনেতার অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে বস্তি পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে পেশাগত ব্যস্ততাও অব্যাহত রয়েছে সালমান খানের। বর্তমানে তিনি তার নতুন চলচ্চিত্র ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি আরও কয়েকটি নতুন সিনেমা ও প্রকল্প নিয়েও কাজ করছেন, যেগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক মাসের মধ্যে আসতে পারে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।