ইংলিশ ক্লাব লিভারপুলের ইতিহাসের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন মিশরীয় এই ফরোয়ার্ড।
ভিডিও বার্তায় সালাহ বলেন, “দুঃখজনকভাবে সেই দিন এসে গেছে। এটি আমার বিদায়ের শুরু। আমি মৌসুম শেষে লিভারপুল ছেড়ে যাচ্ছি।”
২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়া সালাহ ক্লাবটির হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে অবস্থান করছেন। তার আগে রয়েছেন ইয়ান রাশ ও রজার হান্ট।
লিভারপুলের হয়ে খেলাকালীন তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও লিগ কাপসহ একাধিক শিরোপা। বিশেষ করে ২০১৯-২০ মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩০ বছরের লিগ শিরোপা খরা কাটায় দলটি।
বিদায়ী বার্তায় আবেগঘন কণ্ঠে সালাহ বলেন, “লিভারপুল শুধু একটি ক্লাব নয়, এটি একটি আবেগ। এই শহর, এই সমর্থকরা আমার জীবনের অংশ হয়ে গেছে। আমি কখনোই এই সময়গুলো ভুলব না।”
তিনি আরও বলেন, “বিদায় বলা সহজ নয়। তোমরা আমাকে জীবনের সেরা সময় উপহার দিয়েছ। আমি সব সময়ই তোমাদের একজন হয়ে থাকব।”
তবে তার বিদায়ের আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। গত নভেম্বর কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।
এখনো কোনো মতামত নেই।