রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ অভিযান চলছে।
রোববার (১৯ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে রওনা হয়েছিল। এ সময় বরিশাল থেকে ঢাকায় আসা সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি নদীতে ডুবে যায়।
তিনি জানান, ট্রলারে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো দুজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ এবং নিখোঁজদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।