অবশেষে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (MCU)-এ যোগ দিচ্ছেন হলিউড তারকা রায়ান গসলিং। তিনি মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো ‘ঘোস্ট রাইডার’ চরিত্রে অভিনয় করবেন।
শনিবার সান ডিয়েগো কমিক কন-এর বিখ্যাত হল এইচ মঞ্চে মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফাইগি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। নতুন এই চলচ্চিত্রটি ২০২৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
ছবিটি পরিচালনা করবেন শন লেভি, যিনি সম্প্রতি মার্ভেলের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া গসলিং ও লেভি ২০২৭ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’ চলচ্চিত্রেও একসঙ্গে কাজ করেছেন।
জানা গেছে, ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’-এর শুটিং চলাকালীনই ‘ঘোস্ট রাইডার’ চরিত্রে অভিনয়ের বিষয়ে আগ্রহী হন রায়ান গসলিং।
এর মাধ্যমে নিকোলাস কেজের পর দ্বিতীয় অভিনেতা হিসেবে বড় পর্দায় ‘ঘোস্ট রাইডার’ চরিত্রে দেখা যাবে গসলিংকে। এর আগে ২০০৭ ও ২০১১ সালে সনি পিকচার্সের দুটি চলচ্চিত্রে জনি ব্লেজ চরিত্রে অভিনয় করেছিলেন নিকোলাস কেজ। পরে মার্ভেলের টেলিভিশন সিরিজ ‘এজেন্টস অব শিল্ড’-এ গ্যাব্রিয়েল লুনা ‘রবি রেইস’ সংস্করণের ঘোস্ট রাইডার চরিত্রে অভিনয় করেন।
সম্প্রতি ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্রে প্রশংসিত অভিনয় এবং আসন্ন ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজিতে অভিষেকের পর ‘ঘোস্ট রাইডার’-এ যুক্ত হওয়াকে রায়ান গসলিংয়ের ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। নতুন রূপে পর্দায় এই জনপ্রিয় সুপারহিরোকে দেখতে ইতোমধ্যেই মুখিয়ে রয়েছেন মার্ভেল ভক্তরা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।