রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে নির্ধারিত সময়েও একাধিক ট্রেন স্টেশন ছেড়ে যেতে পারেনি এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে রাখেন। প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টা পর্যন্ত কর্মসূচি চলছিল।
রেলওয়ে সূত্রে জানা গেছে, অবরোধের কারণে দুটি আন্তঃনগর ট্রেন ও একটি মেইল ট্রেনের নির্ধারিত যাত্রা বিলম্বিত হয়েছে। ট্রেনগুলো রাজশাহী রেলস্টেশনেই আটকে রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী ফরহাদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের অভিযোগ, ট্রেনে যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়া অর্থ আদায়ের প্রতিবাদ করায় সংশ্লিষ্ট টিকিট পরীক্ষক তাকে মারধর করেন।
এ ঘটনার বিচার এবং অভিযুক্ত টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা চার দফা দাবি ঘোষণা করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রেললাইন অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, একজন শিক্ষার্থী টিটিইর মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
অন্যদিকে, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) হাবিবুর রহমান বলেন, অবরোধের কারণে ট্রেনগুলো রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে।
রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া শত শত যাত্রী স্টেশনে অপেক্ষা করছেন। কর্তৃপক্ষ দ্রুত সমাধানের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।