রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই)-এর কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রেললাইনে অবস্থান নেওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার (২০ জুলাই) ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা ট্রেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফোরকান উদ্দিনের সঙ্গে টিটিই সুমনের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট টিটিইকে সাময়িক বরখাস্ত করলেও শিক্ষার্থীরা এটিকে যথেষ্ট ব্যবস্থা হিসেবে মানতে নারাজ।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেছেন। তাদের দাবিগুলো হলো, অভিযুক্ত টিটিইকে আন্দোলনকারীদের সামনে উপস্থিত করা, ঘুষ গ্রহণ ও শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা, ভুক্তভোগী শিক্ষার্থীকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে সব দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত রেললাইন অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে রেললাইন অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রী স্টেশনে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলমান থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।