আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনাল ঘিরে যখন ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে, তখন ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও।
‘দ্য ফেনোমেনন’ নামে পরিচিত সাবেক এই বিশ্বকাপজয়ী তারকার মতে, ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান শারীরিক সক্ষমতা বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতার জন্য যথেষ্ট নয়।
রোনালদো নাজারিও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওপর এর প্রভাব পড়ে। তার মতে, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার দুজনই এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে শরীরের সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করা কঠিন হয়ে উঠেছে।
ক্রিস্টিয়ানোকে নিয়ে তিনি বলেন, সৌদি আরবের লিগে খেলার মতো সক্ষমতা হয়তো এখনও তার রয়েছে। তবে বিশ্বকাপের মতো উচ্চমানের প্রতিযোগিতা সম্পূর্ণ ভিন্ন। ফুটবলের প্রতি ভালোবাসা ও খেলার ইচ্ছা যতই থাকুক, শেষ পর্যন্ত শরীরই মাঠে পারফরম্যান্সের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। ওই ম্যাচের মধ্য দিয়েই ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর এবারের বিশ্বকাপ অভিযান শেষ হয়। তবে জাতীয় দল থেকে অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেননি তিনি।
ফলে ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপেও পর্তুগালের জার্সিতে তাকে দেখা যেতে পারে কি না, তা নিয়ে জল্পনা চলছে। এবারের বিশ্বকাপে পর্তুগালের হয়ে তিনটি গোল করেছেন রোনালদো। তবে তার লক্ষ্য এখন পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।