বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির বহুল আলোচিত ঘটনায় সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি-বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি সূত্রে জানা গেছে, দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির এই ঘটনায় বাংলাদেশসহ সাতটি দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে। বর্তমানে খসড়া অভিযোগপত্র ও ডকেট আইনগত মতামতের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রায় ১৫০ পৃষ্ঠার খসড়া অভিযোগপত্রে ফরেনসিক বিশ্লেষণ, আন্তর্জাতিক তদন্ত সহযোগিতা এবং অর্থপাচারের জটিল নেটওয়ার্কের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার নথিপত্র হিসেবে প্রায় ১০ হাজার পৃষ্ঠার উপাত্ত সংযুক্ত রয়েছে।
তালিকায় ফিলিপাইন, বাংলাদেশ, নর্থ কোরিয়া, চীন, শ্রীলঙ্কা, জাপান ও ভারতের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। সংশ্লিষ্টদের মধ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যাংক প্রতিনিধি ও আন্তর্জাতিক হ্যাকার চক্রের সদস্য থাকার তথ্যও উঠে এসেছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শতভাগ তথ্য-প্রমাণ যাচাই করে চূড়ান্ত চার্জশিট প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। আইনি মতামত পাওয়ার পর পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে।
সিআইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দীর্ঘ তদন্তে চুরি হওয়া অর্থের একটি অংশের গতিপথও শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে ফিলিপাইন ও অন্যান্য দেশের আর্থিক নেটওয়ার্কে অর্থ পাচারের বিষয়টি তদন্তে উঠে এসেছে।
এই মামলাটি দেশের আর্থিক খাতে সংঘটিত অন্যতম বড় অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে এবং দীর্ঘ সময় পর এতে চার্জশিট প্রক্রিয়া শুরু হওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।