চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রায় ২৮৩ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে মোট ২৮২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা।
গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এবার প্রায় ১৯ কোটি ৫০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে, যা টাকার অঙ্কে প্রায় ২ হাজার ৩৭৯ কোটি টাকা।
ব্যাংকারদের মতে, রমজান ও ঈদকে কেন্দ্র করে সাধারণত রেমিট্যান্স প্রবাহ বেড়ে যায়। এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটেও প্রবাসীরা জমানো অর্থ দেশে পাঠিয়ে থাকতে পারেন।
রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩০২ কোটি ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকা।
এখনো কোনো মতামত নেই।