দক্ষিণী অভিনেতা রবি মোহন-এর ব্যক্তিগত জীবনকে ঘিরে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে। স্ত্রী আরতি রবি-এর সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর এবার প্রকাশ্যে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই অভিনেতা।
একই সঙ্গে গায়িকা কিনিশা ফ্রান্সিস-এর সঙ্গে তার সম্পর্ক নিয়েও চলচ্চিত্র অঙ্গনে চলছে জোর গুঞ্জন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রবি মোহন জানান, বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। তিনি দাম্পত্য জীবনের টানাপোড়েন, মানসিক চাপ এবং পারিবারিক দ্বন্দ্ব নিয়ে খোলাখুলি কথা বলেন।
অভিনেতার দাবি, বিচ্ছেদের সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং শ্বশুরবাড়ির দিক থেকেও বিভিন্ন ধরনের চাপের মুখে পড়েছিলেন। তিনি অভিযোগ করেন, সন্তানদের সঙ্গে দেখা করতে তাকে বাধা দেওয়া হচ্ছে।
রবি আরও দাবি করেন, সন্তানদের নিরাপত্তার জন্য দেহরক্ষী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, পরিবারের অমতে বিয়ে করার কারণেই এখন তাকে তার ফল ভোগ করতে হচ্ছে।
এক পর্যায়ে নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান, অতীতে তিনি আত্মহানির চেষ্টা করেছিলেন, তবে পরদিনই শুটিংয়ে যোগ দেন। তার ভাষায়, পেশার প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি কাজ চালিয়ে গেছেন।
এছাড়া তিনি অভিযোগ করেন, তার স্ত্রীর পরিবার তার বিরুদ্ধে ‘কালোজাদু’ বা ব্ল্যাক ম্যাজিকের মতো বিষয় জড়িত থাকতে পারে। যদিও এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।
বিয়ের আগের পরিস্থিতি নিয়েও বিস্ফোরক দাবি করেন তিনি। তার ভাষায়, আরতি রবি তাকে মানসিকভাবে চাপ দিয়ে বিয়েতে বাধ্য করেছিলেন।
অন্যদিকে, গায়িকা কিনিশা ফ্রান্সিসের সঙ্গে সম্পর্ক ভাঙনের গুঞ্জন নিয়েও তিনি মন্তব্য করেন। তার দাবি, সাইবার বুলিংয়ের কারণে কিনিশা তার জীবন থেকে দূরে সরে গেছেন, তবে কঠিন সময়ে তিনি পাশে ছিলেন।
২০০৯ সালে বিয়ে করেছিলেন রবি মোহন ও আরতি রবি। প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা আসে।
এদিকে অভিনেতার অভিযোগের পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন আরতির মা সুজাতা বিজয়কুমার। তিনি বলেন, সব অভিযোগের প্রমাণ তার কাছে রয়েছে এবং যথাসময়ে তা প্রকাশ করা হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।