হাইতির বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয় পেয়েছে ব্রাজিল। বিশ্বকাপে প্রথম জয়ের আনন্দে ভাসলেও সেলেসাও শিবিরে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের অন্যতম ভরসার নাম রাফিনিয়াকে।
শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের শেষদিকে হঠাৎ করেই অস্বস্তি অনুভব করেন বার্সেলোনা তারকা। ৪০ মিনিটের দিকে মাঠে বসে পড়েন তিনি এবং চিকিৎসা দলের সহায়তা চান।
মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না রাফিনিয়া। পরে তাকে তুলে নিয়ে বদলি হিসেবে তরুণ ফরোয়ার্ড রায়ানকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি।
প্রাথমিকভাবে জানা গেছে, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করেছেন এই উইঙ্গার। যদিও এখনো চোটের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি, তবে বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ব্রাজিল দলের মেডিকেল বিভাগ।
রাফিনিয়ার জন্য বিষয়টি আরও উদ্বেগের কারণ, কারণ চলতি বছরের শুরুতেও একই স্থানে চোট পেয়েছিলেন তিনি। সেই ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচও মিস করেন এই আক্রমণভাগের খেলোয়াড়।
সপ্তাহান্তে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর তার বর্তমান অবস্থার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে পুরোনো চোটের জায়গাতেই আবার সমস্যা দেখা দেওয়ায় ব্রাজিল শিবিরে উদ্বেগ বাড়ছে।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে রাফিনিয়াকে হারানো ব্রাজিলের জন্য বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে নকআউট পর্বের আগে দলের অন্যতম সৃজনশীল আক্রমণভাগের খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তা কোচ আনচেলত্তির পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
এদিকে নেইমারের ফেরার সম্ভাবনা থাকলেও রাফিনিয়ার চোট এখন ব্রাজিল সমর্থকদের নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।