বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে রংপুরের দুই নেতার গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিতে জেলার রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কমিটি ঘোষণার পর থেকেই বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ ও আনন্দ প্রকাশ করতে দেখা গেছে নেতাকর্মীদের।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কেন্দ্রীয় কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নতুন কমিটিতে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করা হয়েছে। একইসঙ্গে ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলামও কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
দলীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাদের এই মূল্যায়ন করা হয়েছে।
বিশেষ করে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া এলাকায় ডা. তাজুল ইসলামের পদপ্রাপ্তিকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বার্তার পাশাপাশি বিভিন্ন স্থানে কর্মী-সমর্থকরা শুভেচ্ছা বিনিময় করেছেন।
দলীয় সূত্র জানায়, ডা. তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক দক্ষতার কারণে তিনি নেতৃত্বের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, রংপুরের দুই নেতার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি জেলার জন্য গর্বের বিষয়। তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব যুবদলের সাংগঠনিক শক্তি আরও বাড়াবে।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, কেন্দ্রীয় পর্যায়ে রংপুরের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এটি ভবিষ্যতে তরুণ নেতৃত্ব তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, দলের জন্য দীর্ঘদিন ত্যাগ স্বীকার করে কাজ করা নেতাদের মূল্যায়ন হয়েছে। এতে সংগঠনের কর্মীদের মধ্যেও ইতিবাচক বার্তা যাবে।
এদিকে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতাও নতুন দায়িত্বপ্রাপ্ত দুই নেতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তাদের নেতৃত্বে রংপুর অঞ্চলে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
কমিটি ঘোষণার পর রংপুর মহানগর, বদরগঞ্জ, তারাগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আবহ তৈরি হয়েছে। স্থানীয় নেতাদের প্রত্যাশা, কেন্দ্রীয় পর্যায়ে নতুন দায়িত্ব পালনের মাধ্যমে নাজমুল আলম নাজু ও ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।