পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির সংশোধিত তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
অন্যদিকে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসাতেও দীর্ঘ ছুটি শুরু হয়েছে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিয়মিত পাঠদান শুরু হবে ২৯ মার্চ থেকে।
২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ২৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক বন্ধ যোগ হওয়ায় কার্যত টানা ছুটি উপভোগ করবেন শিক্ষার্থীরা।
প্রতিবছর ধর্মীয় ও জাতীয় দিবস বিবেচনায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় সমন্বয় আনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এখনো কোনো মতামত নেই।