দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের মধ্যে মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (১৩ জুলাই) ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, গত কয়েক দিনে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত বেড়েছিল। বর্তমানে নিম্নচাপের প্রভাব কমে এলেও বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় পুরো মাসজুড়েই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানী ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন অনুযায়ী নতুন সতর্কবার্তা জারি করা হবে বলে জানিয়েছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।