গত ৫ জুলাই থেকে টানা বৃষ্টিপাতের পর মঙ্গলবার রাজধানী ঢাকার আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারের পর আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে জুলাই মাসের শেষ দিকে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশের আবহাওয়া মোটামুটি একই রকম থাকতে পারে। তবে দিনের শেষভাগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা মাঝারি ধরনের ভারী বর্ষণ হিসেবে বিবেচিত হয়।
রাতের তাপমাত্রা বাড়তে পারে
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
কী বলছেন আবহাওয়াবিদ?
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী শুক্রবারের পর বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। তবে সম্প্রতি যেভাবে অতি ভারী বর্ষণ হয়েছে, তেমন পরিস্থিতি আবার হওয়ার সম্ভাবনা খুবই কম।
তিনি জানান, বর্ষাকালে মৌসুমি নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। জুলাই মাসে সাধারণত দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় এবং সাম্প্রতিক অতিবৃষ্টির পেছনেও মৌসুমি নিম্নচাপের প্রভাব ছিল।
আবহাওয়াবিদ আরও বলেন, জুলাই মাসের শেষ দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি তুলনামূলক দুর্বল হওয়ায় এর প্রভাবে অতিরিক্ত বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।