ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য রচনা ব্যানার্জির বিরুদ্ধে একটি পুরোনো মামলার অভিযোগ নতুন করে সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আরজিকর হাসপাতাল কাণ্ডকে কেন্দ্র করে করা একটি ভিডিও বার্তার জেরে কলকাতার চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় এক আইনজীবী এই অভিযোগটি করেন। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে আরজিকর হাসপাতালের আলোচিত ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় রচনা ব্যানার্জি একাধিকবার নিহত তরুণী চিকিৎসকের নাম উল্লেখ করেছিলেন।
অভিযোগকারীর দাবি, একজন জনপ্রতিনিধি ও সংসদ সদস্য হিসেবে তার এমন কর্মকাণ্ড দেশের প্রচলিত আইনের পরিপন্থী। কারণ, নির্যাতনের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভিডিওটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আলোচনার জন্ম দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাটি প্রায় দেড় বছর আগের হলেও অভিযোগকারী আইনজীবীর দাবি, সে সময়ই তিনি তৎকালীন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আইনজীবী আরও জানান, ২০২৬ সালের জুন মাসেও ভিডিওটি ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। তাই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি পুনরায় চারু মার্কেট থানায় নতুন করে অভিযোগ দায়ের করেছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।