বাংলাদেশের পুঁজিবাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে মোবাইল অপারেটর রবি আজিয়াটার আর্থিক কার্যক্রম খতিয়ে দেখছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন বিভাগ জানিয়েছে, রবির সাম্প্রতিক আর্থিক রিপোর্ট, তথ্য প্রকাশের সঠিকতা এবং আইন-নিয়মের পালন যাচাই করা হবে।
তদন্তের মূল ফোকাসে রয়েছে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে পরিচালন ব্যয়কে মূলধনি ব্যয় হিসেবে দেখানোর অভিযোগ। বিএসইসি যাচাই করবে, এতে প্রকৃত আর্থিক চিত্র লুকানো হয়েছে কি না, এবং আর্থিক সুবিধা কারা পেয়েছে।
সিইও, সিএফও এবং অডিট কমিটির ভূমিকা, চেয়ারম্যান থায়াপারান এস সাংগারাপিল্লাই-এর ইডটকো গ্রুপে দীর্ঘমেয়াদী পরিচালক পদ ও রবি-ইডটকোর লেনদেনের স্বচ্ছতা, স্বাধীনতা সবই খতিয়ে দেখা হবে।
তদন্তের অংশ হিসেবে দুটি স্বতন্ত্র পরিচালক আখতার সানজিদা কাশেম ও কামরান বকরের পদত্যাগের কারণ, অভ্যন্তরীণ তদন্তের নিরপেক্ষতা, শেয়ারহোল্ডার সুরক্ষা এবং করপোরেট সুশাসনের মানদণ্ডও যাচাই করা হবে।
বিএসইসি জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী অন্য প্রাসঙ্গিক বিষয়গুলোও তদন্তের আওতায় আনা হবে।