অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা সংকটে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত নয় বলে সতর্ক করেছে জাতিসংঘ।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা এলডিসিভুক্ত দেশগুলোর জন্য নতুন ঝুঁকি তৈরি করছে, যার প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের জন্য নির্ধারিত তিনটি মানদণ্ড পূরণ করলেও সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য সুবিধা হারানোর আশঙ্কা, রাজস্ব কাঠামোর দুর্বলতা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের সীমাবদ্ধতা।
এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, রোহিঙ্গা সংকট এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘ বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছে। এর মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখা, ব্যাংকিং খাতে সংস্কার, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা জোরদার করা।
উল্লেখ্য, ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের কথা থাকলেও বিভিন্ন বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের কারণে এই সময়সীমা পিছিয়ে দেওয়ার আবেদন করেছে সরকার।