তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে ধারাবাহিকভাবে শক্তিশালী করছে।
রবিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ইংল্যান্ড আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত। সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিরা শুধু রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিতে অবদান রাখছেন না, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও ভূমিকা রাখছেন।
তিনি প্রবাসীদের দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সাক্ষাতে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের নারীরা অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আরও নেতৃত্বমূলক ভূমিকা পালন করবেন।
এ সময় তিনি বাংলাদেশে নারীদের স্বাস্থ্য সুরক্ষা, আইনগত ও সামাজিক অধিকার নিশ্চিত করতে ভবিষ্যতে আরও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।