পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া এবং এ ক্ষেত্রে শুধুমাত্র যোগ্যতা ও কর্মদক্ষতাকেই প্রাধান্য দিতে হবে।
রোববার (২৬ জুলাই) সকালে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে তাদের পেশাগত সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়নের প্রধান ভিত্তি হওয়া উচিত। কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনা এ প্রক্রিয়ায় স্থান পাবে না।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।
সেনাবাহিনীর এই অবদানের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এর আগে সেনাবাহিনী সদর দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) স্বাগত জানান।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর ব্যস্ততার মধ্যেও পদোন্নতি পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।