প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শ্রম খাতের উন্নয়ন, শ্রমিকের অধিকার, দক্ষ মানবসম্পদ গঠন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তৃত আলোচনা হয়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে তারেক রহমানকে অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে শ্রম খাতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে আইএলও আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
জবাবে আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার ও উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বৈঠকে আইএলও মহাপরিচালক বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সাফল্যেরও প্রশংসা করেন। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।
আলোচনায় শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি দেশের তৈরি পোশাক শিল্পের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের অর্জন নিয়েও মতবিনিময় হয়।
এ ছাড়া অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন উভয় পক্ষ।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে, আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন এবং চলমান সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে সংস্থাটির সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।