ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে শক্তিশালী বিস্ফোরণ
সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে মঙ্গলবার (৭ জুলাই) শক্তিশালী একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফরের মধ্যেই এ বিস্ফোরণে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দামেস্কের একটি অভিজাত আন্তর্জাতিক হোটেলের কাছাকাছি এলাকা থেকে বিস্ফোরণের পর ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। উল্লেখ্য, আগের রাতে ওই হোটেলেই অবস্থান করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিস্ফোরণের বিকট শব্দ শোনার পরপরই একাধিক অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যায়।
বিস্ফোরণের সময় ম্যাক্রোঁ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে রাষ্ট্রপতি ভবনে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছিলেন। তবে বিস্ফোরণের ঘটনায় প্রেসিডেন্টদের নিরাপত্তা বা কোনো হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের সরকারের পতনের পর ইমানুয়েল ম্যাক্রোঁই প্রথম পশ্চিম ইউরোপীয় কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে সিরিয়া সফর করছেন। তার এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।