পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের সেবায় নিয়োজিত একটি নিরপেক্ষ বাহিনী এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রেখে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ। জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জনই সরকারের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করে গড়ে তুলতে জনবল বৃদ্ধি এবং বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজও চলছে।
পুলিশ সদস্যদের পোশাক নিয়ে অসন্তোষের বিষয়টিও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “বর্তমান ইউনিফর্ম নিয়ে অনেক পুলিশ সদস্য সন্তুষ্ট নন। ঐতিহ্যবাহী ও মানসম্মত একটি পোশাক নির্ধারণে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে।”
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুল রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার আহমেদ সাদমান সাকিব।
এবারের ব্যাচে বেস্ট প্রবেশনার ও বেস্ট একাডেমিক হিসেবে পুরস্কার অর্জন করেন মো. ফাহিম ফয়সাল। এছাড়া বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ পুরস্কার পান মো. আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপ অর্জন করেন শাওন রেজা এবং বেস্ট শ্যুটার হন বাপী কুমার দাশ।
এখনো কোনো মতামত নেই।