প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়; এটি গণতন্ত্র ও শান্তিকামী সব মানুষের অর্জন।
শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই হত্যাকাণ্ডে যারা দায়ী, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। তবে বিচারের নামে যেন কোনো অবিচার না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে। সময় লাগলেও প্রকৃত অপরাধীদের সঠিক বিচার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ দল-মত নির্বিশেষে রাজপথে নেমেছিল। তাদের সম্মান জানাতে হবে। এই আন্দোলন দেশের সব মানুষের অর্জন এবং যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন ছিল একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলা।
তারেক রহমান বলেন, গত ১৭ বছরে তার, তার পরিবারের এবং দেশের মানুষের ওপর অন্যায়-অবিচার করা হয়েছে। আল্লাহ তাকে এখন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিলেও তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না।
তিনি আরও বলেন, ১৭ বছর আগে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। দেশে ফিরে এসে অনেক সহকর্মী ও ছাত্রদলের নেতাকর্মীকে আর খুঁজে পাননি। অনেকেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।