দুই দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ান শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরে রয়েছেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
আনুষ্ঠানিক অভ্যর্থনার পর প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রার মাধ্যমে দালিয়ানের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দুই দিনের কর্মসূচিতে অংশ নেবেন।
এর আগে সোমবার বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে উচ্চপর্যায়ের আলোচনা এবং কয়েকটি সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম নিউ চ্যাম্পিয়নস বার্ষিক সম্মেলন, যা সামার দাভোস নামেও পরিচিত, তাতে অংশ নেবেন। আন্তর্জাতিক অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় তার অংশগ্রহণের কথা রয়েছে।
দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী রাজধানী বেইজিং সফর করবেন। সেখানে তার সরকারি সফরের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশ ও চীনের সম্পর্কের ৫০ বছর পূর্তির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়েও এ সফরে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর, যা বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।