আগামী ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম কক্সবাজার সফর। সরকারি সফরসূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এ সফরে অন্তত আটটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি।
সফরসঙ্গী হিসেবে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা থাকতে পারেন। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৪ জুন সকালে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে পার্কের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে পেকুয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
পেকুয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং একটি খাল খনন প্রকল্পের উদ্বোধনও সম্ভাব্য কর্মসূচির তালিকায় রয়েছে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবন সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নিতে পারেন তিনি।
এ ছাড়া চকরিয়া উপজেলা থেকে পৃথক করে গঠিত হতে যাওয়া মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে তিনি কক্সবাজার শহরে ফিরে রাতযাপন করবেন।
পরদিন ১৫ জুন স্থানীয় সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
এদিকে সফরকে ঘিরে কক্সবাজারে প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সম্ভাব্য অনুষ্ঠানস্থলগুলো পরিদর্শন করেন। তিনি ডুলাহাজারা সাফারি পার্ক, চকরিয়া পৌর বাস টার্মিনাল, কোনাখালীর বটতলী এবং পেকুয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
সফরের নিরাপত্তা, জনসভা আয়োজন এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমনের আগে ১২ জুন কক্সবাজার সফরে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরের সার্বিক প্রস্তুতি তদারকির দায়িত্বে থাকবেন তিনি।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা ও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন নেতাকর্মীরা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।