আগামী জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সম্ভাব্য সফর প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর চীন বা ভারত সফর নিয়ে কাজ চলছে এবং সফরসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং সংশ্লিষ্ট দেশের শীর্ষ নেতৃত্বের সময়সূচি সমন্বয় করে সফর চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, চীন সফরে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, যার মধ্যে তিস্তা মহাপরিকল্পনা অন্যতম। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আগেও অঙ্গীকার রয়েছে এবং সেটি বাস্তবায়নের দিকেও অগ্রগতি রয়েছে।
সূত্র জানায়, চীনা সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নিজেও মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। তিনি আগামী ৭ মে পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আসন্ন এই কূটনৈতিক সফরগুলো দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে ভূমিকা রাখবে।