রহস্যময় উড়ন্ত বস্তু বা ইউএফও (UFO) নিয়ে দীর্ঘদিনের গোপনীয়তা ভেঙে ১৬১টি নথি প্রকাশ করেছে পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে শুক্রবার (৮ মে) এসব নথি প্রকাশ করা হয়।
প্রকাশিত ফাইলগুলোতে চাঁদে যাওয়া অ্যাপোলো মিশনের নভোচারীদের অভিজ্ঞতা থেকে শুরু করে সাধারণ মানুষের দেখা রহস্যময় মহাজাগতিক ঘটনার বিবরণ উঠে এসেছে।
নথি অনুযায়ী, ১৯৬৯ সালের Apollo 11 Moon Landing মিশনের নভোচারী বাজ অলড্রিন চাঁদে যাওয়ার পথে অজ্ঞাত উজ্জ্বল আলোর উৎস দেখেছিলেন বলে উল্লেখ করেছেন। এছাড়া অ্যাপোলো ১২ ও অ্যাপোলো ১৭ মিশনের নভোচারীরাও মহাকাশে রহস্যময় আলোর ঝলকানি ও অজানা কণার উপস্থিতির কথা জানিয়েছেন।
এছাড়া ১৯৬৫ সালের জেমিনি ৭ মিশনের অডিও রেকর্ডিংয়েও নভোচারীদের একটি অজ্ঞাত বস্তুকে ‘বোগি’ হিসেবে উল্লেখ করে গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে আলোচনা করতে শোনা যায়।
পৃথিবীর বিভিন্ন স্থান থেকেও ইউএফও দেখার বহু রিপোর্ট প্রকাশিত নথিতে স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২০২২ সালে ইরাক, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর ক্যামেরায় ধরা পড়া রহস্যময় ডিম্বাকৃতির বস্তুর ভিডিও। পাশাপাশি ১৯৫৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন নাগরিকের অদ্ভুত ভাসমান বস্তু দেখার বিবরণও অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২২ সালে মার্কিন কংগ্রেস ইউএফও বিষয়ে প্রায় ৫০ বছর পর প্রথমবারের মতো শুনানি আয়োজন করে। এরপর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয় যুক্তরাষ্ট্রে।
তবে সাবেক কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিন দাবি করেছেন, দেশের অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক ইস্যু থেকে জনগণের মনোযোগ সরাতেই এসব তথ্য এখন প্রকাশ করা হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, প্রকাশিত ১৬১টি নথি বর্তমানে তাদের ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে এবং ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ করা হবে।
সূত্র : বিবিসি
এখনো কোনো মতামত নেই।