পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পরিবহন ব্যয় ও কৃষকদের অতিরিক্ত শ্রমের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, পাহাড়ি কৃষকরা কঠিন ভৌগোলিক পরিস্থিতি ও অতিরিক্ত খরচের মধ্যে দিয়ে বাজারে পণ্য পৌঁছে দেন, তাই তাদের উৎপাদিত পণ্যের দামের সঙ্গে পরিবহন ব্যয়ও যুক্ত হওয়া উচিত।
বুধবার (২০ মে) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর উদ্যোগে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামের পল্লী অঞ্চলের কৃষিপণ্যের সাপ্লাই চেইন ব্যবস্থার আধুনিকায়ন’ প্রকল্প ও আউটরিচ সেন্টার বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।
প্রতিমন্ত্রী আরও বলেন, পার্বত্য অঞ্চলের ফল ও সবজি বাজারজাতকরণ ব্যবস্থা আধুনিক ও কার্যকর করার এই উদ্যোগ সময়োপযোগী। তিনি জানান, বার্ড প্রকল্পটি বড় পরিসরে না নিয়ে প্রাথমিকভাবে পাইলট গবেষণা হিসেবে গ্রহণ করায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
তার মতে, এ ধরনের গবেষণাভিত্তিক উদ্যোগ ভবিষ্যতে টেকসই কৃষি অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সমবায়ভিত্তিক আধুনিক সাপ্লাই চেইন গড়ে উঠলে পার্বত্য অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
সভায় জানানো হয়, প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষিপণ্যের পোস্ট-হারভেস্ট ক্ষতি কমানো, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং তরুণ কৃষি উদ্যোক্তা তৈরি করা। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর সাপ্লাই চেইনের মাধ্যমে কৃষকদের আয় ও জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রকল্পের আওতায় ব্লকচেইনভিত্তিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে কৃষকরা তাদের পণ্যের সঠিক মূল্য পাবেন। এছাড়া ৯৫০ জন কৃষককে জৈব চাষাবাদ ও রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হবে এবং ৫০ জন তরুণ উদ্যোক্তাকে সমবায়ভিত্তিক বাজার ব্যবস্থাপনায় দক্ষ করে গড়ে তোলা হবে।
সভায় বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের কৃষকরা আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাজার ব্যবস্থার সুবিধা পাবেন, যা কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি বাজার সম্প্রসারণ ও টেকসই উন্নয়নে সহায়তা করবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।