দেশের স্কুল পর্যায়ে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। জ্বালানি সাশ্রয় এবং শিক্ষাব্যবস্থার কার্যকারিতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি নীতিগত পর্যায়ে আলোচনায় রয়েছে এবং আগামী মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
তিনি আরও জানান, সারা দেশে সপ্তাহে ছয় দিন ক্লাস চালু রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসকে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের সময় নষ্ট করছে। তার মতে, স্কুল পর্যায়ে পাঠদান শেষ হলেও পাবলিক পরীক্ষার সময়সূচি পিছিয়ে যাওয়ায় জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতি হচ্ছে।
এ অবস্থায় প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার দিকে ধীরে ধীরে অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, অনলাইন ক্লাস চালু হলে শহরাঞ্চলের শিক্ষার্থীরা আরও নমনীয়ভাবে পাঠ গ্রহণের সুযোগ পাবে।
এখনো কোনো মতামত নেই।