কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এরশাদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা সড়কের শিঙ্গেরডাবরি মণ্ডলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা।
আহতরা হলেন-মিজানুর রহমান, রবিউল ইসলাম, শফিউর রহমান এবং সিএনজিচালক দুলু।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা তিস্তা এলাকা থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল। পথে শিঙ্গেরডাবরি মণ্ডলের বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এরশাদ আলীর মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতরা একই পরিবারের সদস্য। তারা মিঠাপুকুর থেকে রাজারহাটে আসার পথে দুর্ঘটনার শিকার হন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।