সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এসএসসি ২০২৬ পরীক্ষায় আবারও অনন্য নজির গড়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এবার প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছে। একই সঙ্গে শতভাগ পাসের কৃতিত্বও ধরে রেখেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
সোমবার সকাল ১০টায় ফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। ক্যাম্পাসজুড়ে উচ্ছ্বাস, অভিনন্দন আর মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয় এ অসাধারণ অর্জন। শিক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, সঠিক পরিকল্পনা, সময়োপযোগী দিকনির্দেশনা, শিক্ষক-শিক্ষার্থীদের নিবিড় যোগাযোগ এবং কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে। তিনি জানান, শুধু একাডেমিক ফলাফল নয়, সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানটি সেরা অবস্থান ধরে রাখতে চায়।
শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, নিয়মিত ক্লাস, বিশেষ পাঠদান, টিউটোরিয়াল পরীক্ষা, মাসিক মূল্যায়ন এবং গাইড শিক্ষকদের ধারাবাহিক তত্ত্বাবধান শিক্ষার্থীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মিলয় দেবনাথ বলেন, এই ফলাফলে তারা ভীষণ আনন্দিত এবং দীর্ঘদিনের পরিশ্রম সার্থক হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রশাসনিক সূত্র জানায়, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। গত বছরও ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছিল। এছাড়া ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন, ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন এবং ২০২২ সালে ২৬৬ জনের সবাই জিপিএ-৫ পেয়েছিল।
নরসিংদীর ভেলানগরে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় ৫ হাজার ২০০ শিক্ষার্থী এবং ১৭৪ জন শিক্ষক-শিক্ষিকার সমন্বয়ে পরিচালিত হচ্ছে। কঠোর শৃঙ্খলা, আধুনিক শিক্ষাব্যবস্থা ও মানসম্মত পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম সফল বিদ্যালয় হিসেবে পরিচিতি পেয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, নরসিংদীতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছিল। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এবারও শতভাগ জিপিএ-৫ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।