ভারতীয় মালায়লম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা Salim Kumar আর নেই। শনিবার (৬ জুন) রাতে কেরালার কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, লিভার সিরোসিস এবং দীর্ঘস্থায়ী ফুসফুসজনিত রোগ (সিওপিডি) নিয়ে ভুগছিলেন এই অভিনেতা। কয়েক বছর আগে তার লিভার প্রতিস্থাপনও করা হয়েছিল। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়।
চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে মালায়লম চলচ্চিত্র অঙ্গনসহ ভারতীয় বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।
সেলিম কুমারের অভিনয়জীবনের শুরু ছিল থিয়েটার ও মিমিক্রি দিয়ে। সেই মঞ্চ থেকেই জনপ্রিয়তা অর্জনের পর ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। কৌতুক অভিনেতা হিসেবে খ্যাতি পেলেও পরবর্তীতে তিনি নিজেকে বহুমাত্রিক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।
তার অভিনীত ‘সত্যমেব জয়তে’, ‘থেনকাসিপট্টিনম’, ‘ওয়ান ম্যান শো’, ‘মীসা মাধবন’ এবং ‘কল্যাণরামন’-এর মতো সিনেমা দর্শকদের কাছে আজও সমান জনপ্রিয়। কমেডির পাশাপাশি গম্ভীর চরিত্রেও তিনি ছিলেন অসাধারণ দক্ষ।
‘আচানুরাংগাথা ভিদু’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। পরে ‘আদামিন্তে মাকান আবু’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে লাভ করেন ভারতের মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার।
তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, ভক্ত এবং চলচ্চিত্রপ্রেমীরা গভীর শোক প্রকাশ করেছেন। বহু স্মরণীয় চরিত্র ও অসাধারণ অভিনয়ের মাধ্যমে সেলিম কুমার ভারতীয় চলচ্চিত্রে নিজের নাম চিরস্থায়ী করে গেছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।