ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন পশুর হাট ও খামারে যখন নানা ধরনের বড় ও ব্যতিক্রমী গরু-মহিষ নিয়ে চলছে আলোচনা, তখন নারায়ণগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক বিশেষ মহিষ। নামের ভিন্নতা ও চেহারার অদ্ভুত মিলের কারণে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত Rabea Agro Farm-এ থাকা এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। বিরল এলভিনো জাতের হওয়ায় এর গায়ের রং গোলাপি আভাযুক্ত সাদা। তবে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ছে এর মাথার সামনের দিকের বিশেষ ধরনের পশম, যা অনেকের কাছেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের হেয়ারস্টাইলের কথা মনে করিয়ে দেয়। সেই মিল থেকেই মজার ছলে নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, প্রথমে পরিবারের সদস্য ও পরিচিতদের মধ্যে নামটি নিয়ে হাস্যরস চললেও পরে মহিষটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি ব্যাপক পরিচিতি পায়। এখন প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এটি দেখতে খামারে ভিড় করছেন।
খামারে গিয়ে দেখা যায়, দর্শনার্থীরা মহিষটির পাশে দাঁড়িয়ে ছবি ও ভিডিও তুলছেন এবং তা অনলাইনে শেয়ার করছেন। কেউ কেউ মজা করে বলছেন, শুধু নামেই নয়, চেহারাতেও যেন ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ছাপ রয়েছে।
খামার সূত্রে জানা গেছে, এই মহিষটি কিনতে ইতিমধ্যে কয়েকজন আগ্রহ দেখালেও আগাম বুকিং থাকায় এখন আর বিক্রির সুযোগ নেই। এতে কিছু সম্ভাব্য ক্রেতা হতাশ হয়েছেন।
খামারের কর্মীরা জানান, বিশেষ যত্নে বড় করা এই মহিষটি নিয়মিত ঘাস, ভুট্টা ও ভূসি খায় এবং স্বভাবতই শান্ত। ফলে দর্শনার্থীদের কাছেও এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।
ঈদুল আজহা সামনে রেখে বড় ও আকর্ষণীয় পশু নিয়ে যখন প্রতিযোগিতা চলছে বিভিন্ন খামারে, তখন নারায়ণগঞ্জের এই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি আলাদা আকর্ষণ তৈরি করেছে এবং স্থানীয় পর্যায়ে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।