নড়াইল শহরের নিশিনাথতলা মন্দির প্রাঙ্গণে অবস্থিত প্রাচীন পাকুড়গাছ ঘিরে বৈশাখ মাসে চলছে ভক্তিমূলক জল ও দুধ ঢালার উৎসব। ভোর থেকে স্নান শেষে শত শত নারী-পুরুষ ফুল, ফল, তেল ও সিঁদুর নিয়ে গাছের গোড়ায় পূজা দিচ্ছেন, কেউ আবার দুধ ও জল ঢেলে মনোবাসনা পূরণের প্রার্থনা করছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকেই চিত্রা নদীর বাঁধাঘাটে স্নান করে ভক্তরা পাকুড়গাছের নিচে সমবেত হন। সেখানে কেউ ইট বেঁধে মানত করছেন, কেউ উপবাসে বসে প্রার্থনা করছেন রোগমুক্তি ও সুখ-সমৃদ্ধির জন্য। গাছতলা জুড়ে শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় ভক্ত ইলা রানী বিশ্বাস বলেন, বৈশাখ মাসে পাকুড়গাছে জল দিলে পুণ্য লাভ হয় এই বিশ্বাসে প্রতি বছরই তিনি এখানে পূজা দিতে আসেন। একইভাবে একাদশ শ্রেণির শিক্ষার্থী শিমুল পাঠক জানান, পরিবার থেকে পাওয়া বিশ্বাস ও মানতের কারণে তিনি নিয়মিত এখানে আসেন, যদিও আগের মতো বড় মেলা এখন আর হয় না।
স্থানীয় লোককথা অনুযায়ী, একসময় গভীর বনাঞ্চলে থাকা ডাকাত সরদার নিশিনাথ পরবর্তীতে সাধনায় মনোনিবেশ করেন এবং এই পাকুড়গাছের নিচেই সিদ্ধি লাভ করেন বলে বিশ্বাস করা হয়। সেই থেকেই স্থানটি পরিচিত হয়ে ওঠে নিশিনাথতলা মন্দির নামে।
মন্দিরের পূজারী সুনীল চক্রবর্তী জানান, প্রায় ৩০০ বছরের পুরনো এই ঐতিহ্যে বৈশাখ মাসজুড়ে প্রতি শনি ও মঙ্গলবার ভক্তরা এখানে জল ও দুধ ঢেলে পূজা করেন। তাঁদের বিশ্বাস, এখান থেকে কেউ মন থেকে প্রার্থনা করলে খালি হাতে ফিরে যান না।
এদিকে এবছর মহানাম সংকীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মাসের শেষ দিকে মেলাও আরও জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।