গতিময় বোলিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের ভোগান্তিতে ফেলে সুখবর পেয়েছেন নাহিদ রানা। আইসিসির সর্বশেষ বোলিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার। পাশাপাশি উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেনও।
বুধবার দুপুরে নিয়মিত হালনাগাদ প্রকাশ করে আইসিসি পুরুষ ক্রিকেটের র্যাঙ্কিং।
মিরপুরে গত সোমবার দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩২ রানে ৫ উইকেট নিয়ে বোলিং র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন নাহিদ। ২৩ বছর বয়সী এই পেসার এখন ক্যারিয়ার সেরা ৪৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৬৪ নম্বরে অবস্থান করছেন।
এদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৮ নম্বরে। প্রায় ১৬ মাস পর ওয়ানডে খেলে আবার র্যাঙ্কিংয়ে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, বর্তমানে তিনি আছেন ৩৯ নম্বরে।
চোটের কারণে প্রথম দুই ম্যাচ না খেলায় পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনি ৭ ধাপ নেমে এখন ৫৫ নম্বরে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ ২ ধাপ পিছিয়ে রয়েছেন ৮ নম্বরে।
নাহিদের দুর্দান্ত পারফরম্যান্সের ম্যাচে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন তানজিদ হাসান তামিম। ক্যারিয়ার সেরা ৫৩৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন ৪০ নম্বরে।
এছাড়া তাওহিদ হৃদয় ৫ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। আর নাজমুল হোসেন শান্ত ১ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৪৩ নম্বরে।