রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে নিয়ন্ত্রণে এনে সেখানে সক্রিয় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এই পরিস্থিতি পরিবর্তন করে এলাকাটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুততার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছে, যা ইতোমধ্যে দৃশ্যমান।
সালাহউদ্দিন আহমদ দাবি করেন, ইন্টারপোলের সহায়তায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতারের প্রক্রিয়া এগিয়েছে। তার বিরুদ্ধে থাকা প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে এবং দ্রুতই তাকে দেশে ফেরত আনার আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে তিনি কোনো রাজনৈতিক দল হিসেবে দেখেন না, বরং একটি মাফিয়া সংগঠন হিসেবে উল্লেখ করেন। দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে বলেও জানান তিনি।
এছাড়া আসন্ন ২৩ জুনকে কেন্দ্র করে যেকোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম নিয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।