স্পেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করেন, তরুণ তারকা লামিন ইয়ামাল অসাধারণ প্রতিভার অধিকারী হলেও তাকে এখনই লিওনেল মেসির সঙ্গে তুলনা করা ঠিক হবে না।
এক সাক্ষাৎকারে স্প্যানিশ এই কোচ বলেন, ইয়ামাল বর্তমান ফুটবলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের একজন। তার খেলার ধরণ, আত্মবিশ্বাস এবং ম্যাচ পরিস্থিতি সামলানোর ক্ষমতা বয়সের তুলনায় অনেক বেশি পরিণত।
দে লা ফুয়েন্তের মতে, কিছু খেলোয়াড় জন্মগতভাবেই বিশেষ প্রতিভা নিয়ে আসে। ইয়ামালের মধ্যেও সেই বৈশিষ্ট্য রয়েছে। তবে মেসির মতো কিংবদন্তির সঙ্গে সরাসরি তুলনা করলে একজন তরুণ ফুটবলারের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।
তিনি বলেন, বার্সেলোনার মতো ক্লাবে নিয়মিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এবং স্পেন জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো সহজ বিষয় নয়। অথচ অল্প বয়সেই ইয়ামাল তা করে দেখাচ্ছে।
স্পেন কোচ আরও জানান, মাঠে ইয়ামালের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং চাপের মুহূর্তে শান্ত থাকার মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বড় ম্যাচ কিংবা বড় টুর্নামেন্টে সে নিজের সেরাটা দেওয়ার সক্ষমতা রাখে বলেও বিশ্বাস করেন তিনি।
তরুণ ফুটবলারদের নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে দে লা ফুয়েন্তে বলেন, একটি বা দুটি ভুল দিয়ে কোনো খেলোয়াড়কে বিচার করা উচিত নয়। একজন পেশাদার ফুটবলার প্রতিদিন কঠোর পরিশ্রম করে নিজের উন্নতির জন্য কাজ করে। সেই পরিশ্রমের মূল্যায়ন হওয়া প্রয়োজন।
ইয়ামালের উন্নতির প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সময় যে কিশোরকে দেখা গিয়েছিল, এখন সে আরও পরিণত এবং আত্মবিশ্বাসী ফুটবলার হিসেবে গড়ে উঠছে। আন্তর্জাতিক ফুটবলের চাপ সামলেও সে ধারাবাহিকভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে।
মেসিকে নিয়ে স্পেন কোচ বলেন, ফুটবল ইতিহাসে তার অবস্থান একেবারেই আলাদা। মেসি শুধুমাত্র একজন খেলোয়াড় নন, তিনি ফুটবলের একটি যুগের প্রতীক। তাই অন্য কোনো খেলোয়াড়কে তার সঙ্গে একই মানদণ্ডে বিচার করা কঠিন।
সবশেষে দে লা ফুয়েন্তে বলেন, ইয়ামালকে তার নিজের পরিচয়ে মূল্যায়ন করা উচিত। কারণ ভবিষ্যতে বিশ্ব ফুটবলে বড় প্রভাব রাখার সামর্থ্য রয়েছে এই তরুণ উইঙ্গারের।
বর্তমানে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা ইয়ামালকে আসন্ন বিশ্বকাপে স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবেই দেখছেন জাতীয় দলের কোচ।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।