লিওনেল মেসির প্রতিভা ও অর্জন নিয়ে নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই বলে মনে করেন তার সাবেক সতীর্থ ও বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ। তার মতে, ফুটবল ইতিহাসে মেসির সমতুল্য আর কেউ নেই।
জাভি বলেন, মেসি ঠিক বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডানের মতোই এক অনন্য ও ব্যতিক্রমী ক্রীড়াবিদ, যিনি নিজের খেলায় অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে।
নিজের স্মৃতিচারণে জাভি জানান, বার্সেলোনার একাডেমিতে এক আর্জেন্টাইন কিশোরের প্রতিভার কথা তিনি প্রথম শোনেন অনেক আগে। শুরুতে বিষয়টি খুব গুরুত্ব না দিলেও ২০০৪ সালে প্রথম অনুশীলনে মেসিকে দেখে তার ধারণা পুরোপুরি বদলে যায়।
তার ভাষায়, প্রথম সেশনেই তিনি বুঝে যান মেসি অন্য সবার চেয়ে আলাদা। বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং, পাসিং এবং খেলার বুদ্ধিমত্তায় তিনি ছিলেন অসাধারণ। মাত্র ১৬ বছর বয়সেই তিনি মূল দলের সেরা খেলোয়াড়দের কাতারে পৌঁছে যান।
দীর্ঘ সময় একসঙ্গে খেলার অভিজ্ঞতা তুলে ধরে জাভি বলেন, মেসির সঙ্গে খেলা ছিল অত্যন্ত সহজ। তার সঙ্গে সমন্বয় না করতে পারলে ভালো ফুটবল খেলা কঠিন ছিল, কারণ তিনি সবসময় নিখুঁত সময়ে নিখুঁত পাস দিতেন।
৩৮ বছর বয়সেও মেসির পারফরম্যান্স দেখে বিস্ময় প্রকাশ করেন জাভি। তার মতে, যারা ভেবেছিল মেসির সময় শেষ, তারা ভুল প্রমাণিত হয়েছে মাঠেই।
সবশেষে জাভি বলেন, মেসিই তার চোখে সর্বকালের সেরা ফুটবলার। ধারাবাহিকতা, জয়ের ক্ষুধা এবং মানসিক দৃঢ়তাই তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।