বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ স্বেচ্ছায় ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
তাদের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, একই সময়ে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এবং সাংগঠনিক মতদ্বৈধতা তৈরি হতে পারে, যা উভয় সংগঠনের কার্যক্রম ও জবাবদিহিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ছাত্র ইউনিয়ন জানায়, তাদের পদত্যাগের কারণ ও বর্তমান রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
একই ধরনের সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ছাত্র ইউনিয়নের ভাষ্য, সংগঠনের আদর্শ, নীতি ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের সাংগঠনিক কাঠামো অনুযায়ী, একই সময়ে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন তাদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।