দেশের বিভিন্ন ফার্মেসিতে ওষুধ সংরক্ষণের নির্ধারিত নিয়ম মানা না হওয়ায় ওষুধের গুণগত মান নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক তাপমাত্রা নিশ্চিত না হলে অনেক ওষুধ কার্যকারিতা হারাতে পারে, যার সরাসরি প্রভাব পড়ে রোগীর চিকিৎসার ওপর।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ২ লাখ ৩৫ হাজারের বেশি নিবন্ধিত ফার্মেসি রয়েছে। এর মধ্যে মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপের জন্য নির্দিষ্ট সংরক্ষণ নীতিমালা থাকলেও বাস্তব চিত্র অনেক ক্ষেত্রেই ভিন্ন।
সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, বিভিন্ন জেলার অধিকাংশ ফার্মেসিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। ফলে গরমের সময় দোকানের অভ্যন্তরীণ তাপমাত্রা অনেক ক্ষেত্রে নির্ধারিত সীমার চেয়ে বেশি হয়ে যায়।
ওষুধ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বাজারে প্রচলিত অধিকাংশ ওষুধ ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত। অন্যদিকে ইনসুলিন, ভ্যাকসিনসহ কিছু সংবেদনশীল ওষুধ ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয়। তাপমাত্রা বেড়ে গেলে এসব ওষুধের রাসায়নিক গঠন পরিবর্তিত হতে পারে এবং কার্যকারিতা কমে যেতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সাব্বির হায়দার বলেন, ওষুধের গায়ে উল্লেখিত মেয়াদ তখনই কার্যকর থাকে যখন তা নির্ধারিত পরিবেশে সংরক্ষণ করা হয়। তাপমাত্রা ও আর্দ্রতার তারতম্য ওষুধের গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ফার্মেসি পর্যায়ে বাস্তবতা সম্পর্কে জানতে চাইলে কয়েকজন বিক্রয়কর্মী জানান, বিশেষ কিছু ওষুধের জন্য ফ্রিজ ব্যবহার করা হলেও অধিকাংশ ওষুধ সাধারণ কক্ষেই রাখা হয়। অনেক ক্ষেত্রে সরাসরি রোদ এড়িয়ে রাখাকেই যথেষ্ট মনে করা হয়।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সংরক্ষণবিষয়ক নির্দেশনা দেওয়া হয়। নিয়ম না মানলে জরিমানা কিংবা আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে দেশের বিশাল সংখ্যক ফার্মেসিতে নিয়মিত তদারকি নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ।
বিশেষজ্ঞদের মতে, কারখানা পর্যায়ে কঠোর মান নিয়ন্ত্রণ থাকলেও খুচরা বিক্রয় পর্যায়ে সেই মান বজায় রাখা সমান গুরুত্বপূর্ণ। কারণ উৎপাদনের পর থেকে রোগীর হাতে পৌঁছানো পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থায় সঠিক সংরক্ষণ নিশ্চিত না হলে ওষুধের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
তারা বলছেন, নিয়মিত মনিটরিং, কঠোর তদারকি এবং ফার্মেসি মালিকদের সচেতনতা বৃদ্ধি ছাড়া এই সমস্যা থেকে উত্তরণের সুযোগ সীমিত।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।