আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এক বছরেরও বেশি আগে। গত ফেব্রুয়ারিতে ৪০ বছরে পা দিয়েছেন। তবুও প্রতিযোগিতামূলক ক্রিকেটে থামছেন না মাহমুদউল্লাহ। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে তিনি খেলবেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে।
এর আগে প্রিমিয়ার লিগের চারটি আসরে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এবার ঠিকানা বদলে যোগ দিয়েছেন লিগের আরেক শক্তিশালী দল প্রাইম ব্যাংকে।
শনিবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলবদল সম্পন্ন করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
এবার প্রাইম ব্যাংকের স্কোয়াডে মাহমুদউল্লাহর সঙ্গে আছেন আজিজুল হাকিম তামিম, শাহাদাত হোসেন দীপু, শামীম হোসেন পাটোয়ারি, আলিস আল ইসলাম এবং তানজিম হাসান সাকিবসহ বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার।
দল নিয়ে বেশ সন্তুষ্ট মাহমুদউল্লাহ। দলবদলের পর সংবাদমাধ্যমে তিনি বলেন, টপ অর্ডার থেকে শুরু করে পুরো দলই ভারসাম্যপূর্ণ। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই রয়েছে শক্তি, যেখানে অভিজ্ঞতা ও তরুণদের সুন্দর সমন্বয় দেখা যাচ্ছে।
দীর্ঘ প্রায় এক দশক পর আবার প্রাইম ব্যাংকের জার্সিতে ফিরতে পেরে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। সবশেষ ২০১৫ সালে এই ক্লাবের হয়ে খেলেছিলেন বলে জানান মাহমুদউল্লাহ। খেলোয়াড়দের জন্য নিয়মিত সুযোগ-সুবিধা ও পারিশ্রমিক নিশ্চিত করার জন্য ক্লাবটির প্রশংসাও করেন তিনি।
তার মতে, মাঠে কঠোর পরিশ্রমের যথাযথ মূল্য পাওয়া ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ, আর এই দিক থেকে প্রাইম ব্যাংক প্রিমিয়ার লিগের অন্যতম নির্ভরযোগ্য দল।
এছাড়া দলের তরুণ ক্রিকেটারদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন সাবেক এই অধিনায়ক। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে তিনি সবসময় প্রস্তুত থাকবেন বলেও জানিয়েছেন।