ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও তাৎক্ষণিক প্রতিবাদের মুখে সেই চেষ্টা সফল হয়নি। প্রায় ১৪ ঘণ্টা সীমান্তের শূন্যরেখার কাছে আটকে রাখার পর শনিবার সন্ধ্যায় ওই ছয়জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয় বিএসএফ।
স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেন এবং আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানান।
বিজিবির আপত্তির পর বিএসএফ ওই ছয়জনকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের ভেতরে একটি ক্যাম্পের পাশে বসিয়ে রাখে। এ ঘটনায় সীমান্ত এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি টহল ও নজরদারি আরও জোরদার করে।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিজিবির আপত্তির মুখে বিএসএফ ওই ছয়জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির সতর্কতা ও দৃঢ় অবস্থানের কারণেই বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে সামন্তা সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে অতিরিক্ত টহল ও নজরদারি অব্যাহত আছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।