আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার যোগ্যতা নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রস্তাব অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি, ঋণের জামিনদার এবং বিদ্যুৎ, গ্যাস, পানি বা অন্যান্য ইউটিলিটি বিল বকেয়া থাকা ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সংশোধনীতে এমপিওভুক্ত শিক্ষক ছাড়াও ঋণখেলাপি, ঋণের জামিনদার এবং ইউটিলিটি বিল বকেয়া থাকা ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হিসেবে বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে।
এদিকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকা ব্যবস্থাপনাতেও নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হলেও তারা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন না। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হয়। এর আগে পর্যন্ত তথ্য ডরম্যান্ট (নিষ্ক্রিয়) অবস্থায় সংরক্ষিত থাকে।
ইসি আরও জানায়, তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমানো যায় কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এসএসসি, অষ্টম শ্রেণি বা প্রাথমিক স্তর থেকে নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু করার বিষয়টি তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত করা হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।