অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। শনিবার (১ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাম পায়ের কাফের চোটের কারণে প্রথমে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি লিটনের। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত উন্নতি হওয়ায় শেষ মুহূর্তে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, চোটের কারণে গত জুন থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) লিটন অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশ দলের প্রথম বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেছে। লিটনের ফেরায় দলের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।