বিশ্বকাপ শেষে মাঠে ফিরেই নিজের স্বভাবসুলভ জাদু দেখালেন লিওনেল মেসি। লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের ইতিহাসে নতুন একটি রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি ইন্টার মায়ামির। ম্যাচের চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস।
তবে দ্রুতই ম্যাচে ফেরে ফ্লোরিডার ক্লাবটি। ১২ মিনিটে দুর্দান্ত এক ভলিতে সমতা ফেরান মেসি। এরপর প্রথমার্ধেই আরও একটি গোল করেন তিনি এবং একটি গোলে সহায়তাও করেন। দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এই জোড়া গোলের সুবাদে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। ২০২৩ সালে নতুন ফরম্যাটে শুরু হওয়া টুর্নামেন্টে মাত্র ১২ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি।
এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন লস অ্যাঞ্জেলেস এফসি ফরোয়ার্ড দেনি বুয়াঙ্গাকে, যার গোলসংখ্যা ১৩।
এছাড়া লিগস কাপে এটি মেসির পঞ্চম জোড়া গোলের ম্যাচ। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে দলকে প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা জেতানো এই বিশ্বকাপজয়ী তারকা এবারও ক্লাবটিকে শিরোপার লড়াইয়ে এগিয়ে নিচ্ছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।