মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদেশ ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন লতিফ সিদ্দিকী। বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে তিনি বলেন, “আদালতকে বলতে চাইলাম, ফাঁসি দিয়ে দেন। মৃত্যুর জন্য প্রস্তুত আছি। কিন্তু আদালত শুনতে চাইল না।”
শুনানিতে প্রসিকিউশন জানায়, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আসামিপক্ষ থেকে কোনো আবেদন না থাকায় কারাগারে পাঠানোর আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
আদেশের পর আসামিপক্ষের আইনজীবী ওকালতনামায় স্বাক্ষর এবং হাজতখানায় সাক্ষাতের অনুমতি চান। আদালত উভয় আবেদন মঞ্জুর করেন।
এ সময় লতিফ সিদ্দিকী আদালতকক্ষে কিছুটা উত্তেজিত হয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিনিময় করেন। পরে তাকে হাজতখানায় নেওয়া হয়।
এর আগে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।