দীর্ঘদিনের একটি আক্ষেপের অবসান ঘটেছে হলিউড তারকা রায়ান গসলিংয়ের। ‘লা লা ল্যান্ড’ সিনেমার মুক্তির ১০ম বার্ষিকী উপলক্ষে ছবিটির পোস্টারে পরিবর্তন এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট।
২০১৬ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী এই সিনেমার মূল পোস্টারে এমা স্টোনের সঙ্গে নাচের একটি দৃশ্যে গসলিংয়ের হাতের ভঙ্গি নিয়ে তিনি বহুদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন। ২০২৪ সালে এক সাক্ষাৎকারে তিনি মজা করে পোস্টারটির নাম দিয়েছিলেন ‘লা লা হ্যান্ড’। তার মতে, হাতটি চ্যাপ্টা না রেখে স্বাভাবিকভাবে প্রসারিত থাকলে ভঙ্গিটি আরও সুন্দর দেখাত।
অবশেষে ১০ম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত নতুন পোস্টারে গসলিংয়ের সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হয়েছে।
এদিকে, ১৬ আগস্ট থেকে এএমসি থিয়েটার্সের ডলবি সিনেমায় ‘লা লা ল্যান্ড’ পুনরায় মুক্তি পাচ্ছে। প্রায় ৩০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী ৪৪৭ মিলিয়ন ডলারের বেশি আয় করে। পাশাপাশি এটি ৬টি অস্কার ও ৭টি গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে ব্যাপক সাফল্য অর্জন করে।
বর্তমানে জনপ্রিয় এই সিনেমাকে ঘিরে একটি ব্রডওয়ে মিউজিক্যাল নির্মাণের কাজও চলছে। এর আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।