খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী, স্বজন ও হাসপাতালজুড়ে। আইসিইউ থেকে রোগী সরিয়ে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় পুরোনো আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ও ঘন ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসতে শুরু করেন। বিশেষ করে আইসিইউ ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডের রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্মীদের।
হাসপাতাল সূত্র জানায়, আইসিইউতে থাকা ১৫ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এ সময় একজন রোগীর মৃত্যু হয়। তবে আরেকজন রোগী আগুন লাগার আগেই মারা গিয়েছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনায় দুজন নার্সসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান, নার্স নওরিন, দিপালী, শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ। আহত কয়েকজনকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ জানান, খবর পাওয়ার পর প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ইউনিট যোগ হয়ে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভবনের বিভিন্ন গেটে তালা থাকায় ভেতরে প্রবেশে শুরুতে বাধার মুখে পড়তে হয়। পরে তালা ভেঙে উদ্ধার অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, আগুনের সময় ভবনের বেলকনি থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুমার বলেন, আগুন লাগার পর কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও পুরোনো এসি বিস্ফোরিত হয়। এতে পুরো তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক আরও বেড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগী-স্বজনরা নিচে নেমে আসেন। অনেককে হাসপাতালের সামনের সড়ক ও মাঠে অবস্থান নিতে দেখা যায়। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. হোসেন আলী বলেন, আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।